লিচু চাষে ভাগ্য বদল লালমনিরহাটের নুরুল হকের

লিচু চাষে ভাগ্য বদল লালমনিরহাটের নুরুল হকের

admin June 17, 2019

লালমনিরহাট প্রতিনিধি.
শুরু থেকেই কৃষির প্রতি বিশেষ ঝোঁক ছিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামের কৃষক নুরুল হকের। তাই তিনি গড়ে তোলেন ‘হক নার্সারী’। বিশেষ করে লিচু চাষে তার সফলতা এখন ঈর্ষণীয়।


নুরুল হক বলেন, ১৯৯৪ সালে কৃষিতে জড়িয়ে পড়ি। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় গড়ে তুলি লিচুর বাগান। এবার জেলার অন্য বাগান থেকে তার ২ একর বাগানে ফলন ভালো হয়েছে, যা অন্তত ৫ লাখ টাকায় অর্ধে বিক্রি করতে পারবো বলে আশা করছি।


তবে তার দাবি, প্রতি বছর লিচুর ফলন একই রকম হয় না। একবার বেশি হলে অন্যবার কম হয়। তাই এ জেলায় লিচুর জন্য একটি আধুনিক হিমাগার স্থাপন করা গেলে সেখানে সারা বছর রেখে লিচু বিক্রি করা যাবে। চাষীরা আর্থিকভাবে লাভবান হবেন।


অন্য লিচু চাষীরা বলেন, এ বছর কালীগঞ্জে লিচুর ফলন ভালো হয়েছে। তবে আকার ও রঙের দিক থেকে নুরুল হকের বাগানের লিচুই সেরা।


কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নজরুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার অন্য বাগান থেকে নুরুল হকের বাগানে ফলন বেশি হয়েছে। একই সঙ্গে তার বাগানের লিচু আকারে বড় এবং খেতেও সুস্বাদু। নুরুল হক কৃষি অফিসের পরামর্শ নিয়ে গাছের পরিচর্যা করার কারণে তার বাগানে বাম্পার ফলন হয়েছে।


লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিধু ভুষণ বলেন, এ বছর লিচু ফলন ভালো হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কয়েক জাতের লিচু চাষ হলেও বাজারে চায়না থ্রি লিচুর কদর বেশি। এখানে আবহাওয়া চায়না থ্রি লিচুর জন্য উপযোগী। তাই মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা চায়না থ্রি লিচু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছেন।

পপুলার হাসপাতালে ব্রণের চিকিৎসা নিতে গিয়ে যৌন হয়রানির শিকার তরুণী

admin June 17, 2019

রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক তরুণী।


ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণী জানান, শনিবার তার সাথে অশালীন আচরণ করেন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন ডা. মো. শওকত হায়দার। ব্রণের ইনফেকশন আছে কিনা দেখার ছলে ওই ডাক্তার তার গালে চুম্বন করেছেন বলে অভিযোগ করেন ওই তরুণী। ঘটনার পর পরই পপুলার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেন তিনি।


এরপর বাসায় ফিরে ওই তরুণী ডাক্তারের কাছে ফোন করে তার কৃতকর্মের কারণ জানতে চাইলে ডা. শওকত বলেন, ‘ওটা কিছু না, ইনফেকশন আছে কিনা দেখছিলাম।’ পরে তরুণী বলেন, ‘এমন তো আমি কখনো দেখিনি, ইনফেকশন আছে কিনা সেটা কোনো ডাক্তার কি ঠোঁট দিয়ে চেক করে?’ এসময় ডাক্তার শওকত হায়দার ওই তরুণীকে বলেন, তিনি দুঃখিত।


ঘটনার বিবরণে ওই তরুণী জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ত্বকে ব্রণের সমস্যা নিয়ে পরিচিত একজনের রেফারেন্সে প্রথমবার পপুলার হাসপাতালের ওই ডাক্তারের কাছে যান তিনি। পরবর্তীতে চিকিৎসার প্রয়োজনে আরো কয়েকবার প্রায় বাবার বয়সী ডাক্তারের কাছে যান তিনি।


সর্বশেষ গত শনিবার দুপুরে ওই তরুণী ডা. শওকতকে জানান তার ত্বকের সমস্যা আবার বেড়েছে, রাতে তিনি চেম্বারে বসবেন কিনা? এসময় ওই ডাক্তার চেম্বারেই আছেন জানিয়ে মেয়েটিকে তখনই যেতে বলেন।


পরে ডাক্তারের চেম্বারে গিয়ে ওই তরুণী জানতে চান তার সমস্যার কোনো স্থায়ী সমাধান আছে কিনা। এসময় সেই ডা. শওকত বলেন, যদি সে চায় তবে একটা ইনজেকশন দেয়া যেতে পারে। তবে ইনজেকশনটি কোমরে দিতে হবে। মেয়েটির ইতস্ততভাব দেখে ওই ডাক্তার তাকে বলেন, কাপড়ের উপর দিয়েই ইনজেকশন দেয়া যাবে।


মেয়েটি তার অভিযোগে জানায়, ইনজেকশন দিতে রাজি হয়ে পেসেন্ট টেবিলে শুলে ওই ডাক্তার মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকেন। মেয়েটি প্রতিবাদ করলে তিনি বলেন, কোথায় ইনজেকশন দিলে ভালো হয় তা চেক করে দেখছিলেন তিনি।


পরে ওই তরুণী সেই ইনজেকশন হাতেই দিতে বলেন। ওই তরুণী অভিযোগ করেন, ডাক্তার ইনজেকশন দেবার পর তুলা দিয়ে চেপে না ধরে না তার জামার ভিতর হাত ঢুকিয়ে দেন। এ অবস্থায় মেয়েটি তাড়াতাড়ি সরে এসে ডাক্তারের ফিস দিয়ে চেম্বার থেকে বেরিয়ে আসতে চায়। এসময় সেই ডাক্তার আরেকবার তার গালের ইনফেকশনটি দেখতে চান। গাল দেখার ছলে ডা. শওকত ওই তরুণীকে চুম্বন করেন।


অভিযোগের বিষয়ে অভিযুক্ত চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এবং লেজার কসমেটিক সার্জন ডা. মো. শওকত হায়দারের মতামত জানতে চাওয়া হলে তিনি সামনাসামনি বসে কথা বলার প্রস্তাব দেন। এরপর তাকে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।


এ ঘটনায় পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত্যকুমার নাগের কাছে লিখিত অভিযোগ করেন ওই তরুণী। এসময় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।


পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত্যকুমার নাগ জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা বিব্রতবোধ করছেন। দ্রুতই তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তারা। অপরাধীকে কোনো ছাড় দেয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি।


পপুলার হাসপাতাল

পপুলার হাসপাতাল
রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল রবিউলের মুত্যু

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল রবিউলের মুত্যু

admin June 17, 2019

স্টাফ রিপোর্টার:
ঢাকাগামী কোচের চাপায় আহত হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল মো. রবিউল আলম ২৭ দিন জীবনের সাথে যুদ্ধ করে রোববার সকালে মারা গেছেন। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ধর্মপুর গ্রামে আফাজ উদ্দিনের ছেলে।


রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মে অফিসের ফ্যাক্স ডিউটিসহ যাবতীয় কাজ শেষ করে অফিস হতে মটরসাইকেল যোগে ব্যারাকের উদ্দেশ্য রওনা হন। নগরীর আরকে রোডের ধাপ চেক পোস্ট এলাকায় ঢাকাগামী অজ্ঞাতনামা পরিবহন তাদের মটরসাইকেলকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে মটরসাইকেলের পিছনে বসা কনস্টেবল রবিউল আলম গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে ভর্তি করেন। ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মৃত্যুবরণ করেন ।


রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আব্দুল আলিম মাহমুদ বলেন, কনস্টেবল মো. রবিউল আলম একজন দেশপ্রেমিক, পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্য ছিল।


কর্মজীবনে তিনি নীলফামারী জেলা এবং সর্বশেষ রংপুর মেট্রোপলিটন পুলিশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ভারতের কাছে শোচনীয় হার পাকিস্তানের

ভারতের কাছে শোচনীয় হার পাকিস্তানের

admin June 17, 2019

ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এনিয়ে টানা সাত ম্যাচে হেরে গেল পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয় যেন নিয়তি। রোববার ইংল্যান্ডের ম্যানচেস্টারে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি (১৪০) ও বিরাট কোহলি-লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে ৩৩৬/৬ রানের পাহাড় গড়ে ভারত।


বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রান। রানের পাহাড় ডিঙাতে নেমে ৬ উইকেটে ২১২ তুলতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ফখর জামান। এছাড়া ৪৮ রান করেন বাবর আজম। ইনিংসের শেষ দিকে ৩৯ বলে অপরাজিত ৪৬ রান করেন ইমাদ ওয়াসিম। বৃষ্টি আইনে ৮৯ রানে জয় পায় ভারত।


ভারতের বিপক্ষে ৩৩৭ রানের পাহাড় ডিঙাতে নেমে ১৩ রানে ওপেনার ইমাম-উল হকের উইকেট হারায় পাকিস্তান। এরপর ফখর জামান ও বাবর আজমের ১০৪ রানের অনবদ্য জুটিতে জয়ের স্বপ্ন দেখা শুরু করে পাকিস্তান। এক উইকেটে ১১৭ রান করা পাকিস্তান এরপর মাত্র ১২ রানের ব্যবধানে বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় পাকিস্তান।


পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন কুলদীপ যাদব। তার বলে বোল্ড হয়ে ফেরেন বাবর। তার আগে ৫৭ বলে তিন চার ও এক ছক্কায় ৪৮ রান করেন তিনি। নিজের ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া ফখর জামানকে ক্যাচ তুলতে বাধ্য করেন কুলদীপ।


৭৫ বলে ৭টি চার ও এক ছক্কায় ৬২ রান করে ফেরেন ফখর জামান। এরপর হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ছক্কায় ইনিংস শুরু করা মোহাম্মদ হাফিজ। ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই পান্ডিয়ার বলে বোল্ড শোয়েব মালিক।


ভারত ৩৩৬/৬


বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে রানের রেকর্ড গড়েছে ভারত। বিশ্বকাপে এতদিন ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ রান ছিল ৩০০। গত বিশ্বকাপে এই রান করেছিল ভারত। রোববার রোহিত শর্মার সেঞ্চুরিতে ৩৩৬ রানের পাহাড় গড়েছে ভারত। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫ উইকেটে এ রান করে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।


ভারতের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন ওপেনার রোহিত শর্মা। এছাড়া ৭৭ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। ৫৭ রান করেন অন্য ওপেনার লোকেশ রাহুল। পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৪৭ রানে ৩টি উইকেট নেন মোহাম্মদ আমির।


রোববার ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে ভারত।


ইনিংসের শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডে মাত্র ২০ রান যোগ করেন তারা। এরপর হাতখুলে খেলেন রোহিত-রাহুল। ১৭.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ১০০ রান।


উদ্বোধনীতে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ২৩.৫ ওভারে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত শর্মা। ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রাহুল। তার আগে ৮৭ বলে তিন চার ও দুটি ছক্কায় ৫৭ রান করেন তিনি।


রাহুল আউট হলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান রোহিত। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে গড়েন ৯৮ রানের জুটি। আর এই জুটিতেই ৮৫ বলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন রোহিত।


ভয়ঙ্কর ব্যাটিং করে যাওয়া রোহিতকে সাজঘরে ফেরান হাসান আলী। তার আগে ১১৩ বলে ১৪টি চার ও তিন ছক্কায় ১৪০ রানের ঝকঝকে ইনিংস খেলেন রোহিত শর্মা।


এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৫১ রান যোগ করেন বিরাট কোহলি। ১৯ বলে ২৬ রান করে মোহাম্মদ আমিরের গতির শিকার হয়ে সাজঘরে ফেরেন পান্ডিয়া।


পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। রানের খাতা খুুলতেই আমিরের দ্বিতীয় শিকারে পরিণত হন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক এ অধিনায়ক। পান্ডিয়া-ধোনির বিদায়ের পরও ব্যাটিং অব্যাহত রাখেন কোহলি।


৫১ বলে ফিফটি তুলে নেয়ার পর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান কোহলি। তার ব্যাটে ভর করে ৪৬.৪ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩০৫ রান। এরপর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ২৪ মিনিট খেলা বন্ধ ছিল।


এরপর খেলা ফের শুরু হলে আউট হয়ে যান বিরাট কোহলি। মোহাম্মদ আমিরের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৬৫ বলে ৭টি চারের সাহায্যে ৭৭ রান করে ফেরেন ভারতীয় এ অধিনায়ক। তার ফিফটি ভর করে ৫ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়ে ভারত।


সংক্ষিপ্ত স্কোর


ভারত: ৫০ ওভারে ৩৩৬/৫ (রোহিত ১৪০, কোহলি ৭৭, রাহুল ৫৭, পান্ডিয়া ২৬, বিজয় শঙ্কর ১৫*, কেদার যাদব ৯*, ধোনি ১; আমির ৩/৪৭)।

কুড়িগ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে খুন গৃহবধূ

কুড়িগ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে খুন গৃহবধূ

admin June 17, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পাওনা টাকা চাওয়ায় গায়ের ওপর মোটরসাইকেল তুলে দিয়ে আনজু বেগম (৩৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।


রোববার (১৬ জুন) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বিএস দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আনজু বেগম নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।


স্থানীয়রা জানান, আনজু বেগম রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে মোটরসাইকেল ও এক লাখ টাকা দেন ব্যবসার জন্য। পরে লেনদেন নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পাওনা টাকা ফেরত চাইলে রবিউল বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতেন।


রোববার (১৬ জুন) নাওডাঙ্গা বিএস দাখিল মাদ্রাসার সামনের রাস্তায় রবিউলের মোটরসাইকেলের গতিরোধ করেন আনজু বেগম। একপর্যায়ে তার শরীরের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান রবিউল। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে এলাকাবাসী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী ৩নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, আনজু বেগম সকালে আমার বাড়িতে রবিউলের কাছে এক লাখ টাকা পাওনার অভিযোগ নিয়ে আসেন। দীর্ঘদিন ধরে টাকা ফেরত দিতে অস্বীকার করায় রবিউলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দিই তাকে।


ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী ফাহাদ জানান, হাসপাতালে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।


ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান হাবিব বলেন, মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীকে সব সময় জনগণের পাশে দাঁড়াতে হবে : প্রধানমন্ত্রী

সেনাবাহিনীকে সব সময় জনগণের পাশে দাঁড়াতে হবে : প্রধানমন্ত্রী

admin June 17, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক
সেনাবাহিনীকে সবসময় জনগণের পাশে দাঁড়ানোর জন্য এর নেতৃত্ব যোগ্য এবং দেশপ্রেমিক অফিসারদের হাতে ন্যস্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেনাবাহিনীকে সবসময় জনগণের পাশে দাঁড়াতে হবে। এজন্য এর নেতৃত্ব যোগ্য, দক্ষ, কর্মক্ষম এবং দেশপ্রেমিক অফিসারদের হাতে ন্যস্ত করতে হবে।


রোববার ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১৯ এর সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।


প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নির্বাচনী পর্ষদ পদোন্নতির জন্য এমন সব সেনা কর্মকর্তাদের সুপারিশ করবে যাদের দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বের যোগ্যতা, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা এবং আনুগত্য রয়েছে।


তিনি বলেন, জাতির পিতা উন্নত ও পেশাদার সেনাবাহিনীর প্রয়োজনীয়তা উপলদ্ধি করে ১৯৭৪ সালেই প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। সেই আলোকেই বর্তমান সরকার একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য আর্ম ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছে।


এ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুই প্রথম ব্যক্তি যিনি এই মাটিতে জন্মগ্রহণ করেই এদেশ শাসন করেছেন। এর আগে যারা শাসন করেন তাদের কারোই জন্ম এদেশে নয়।


প্রধানমন্ত্রী এবং জাতির পিতার বড় মেয়ে শেখ হাসিনা বলেন, তার সরকার বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্য নিয়েই পরিচালিত হচ্ছে। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার জন্যই তার সরকার নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। যেখানে কেউ আর ক্ষুধার্ত থাকবে না।


এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হুসেইন ভুইয়া এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

রংপুর সদরকে মডেল ও জনকল্যাণ বান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: চেয়ারম্যান
ববি

রংপুর সদরকে মডেল ও জনকল্যাণ বান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: চেয়ারম্যান ববি

admin June 17, 2019

স্টাফ রিপোর্টার:
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণী ও হরিদেবপুর ইউনিয়নে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে সদ্যপুষ্করণীর কাটাবাড়ি পূর্বপাড়ায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি। অন্যদিকে ২নং হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নয়টি সলিং রাস্তা ও দুইটি প্লাসাইটিং কাজের উদ্বোধন করা হয়।


এসময় উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সব সময় সদর উপজেলাবাসীর উন্নয়ন ও দাবি পূরণে কাজ করতে ওয়াদাবদ্ধ। বর্তমান সরকার গ্রামের উন্নয়নে বেশি নজর দিয়েছেন। তাই রংপুর সদর উপজেলা উন্নয়ন বৈষম্যের শিকার হবে না। আমরা রংপুর সদর উপজেলাকে মডেল ও জনকল্যাণ বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছি।


সদ্যপুষ্করণীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সদ্যপুষ্করণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বিপ্লব ও ইউপি সদস্যরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এডিপি ২০১৮-১৯ অর্থবছরের প্রকল্প হতে কাটাবাড়ী পূর্বপাড়ার ক্যানেলের উপর আনিসুলের বাড়ির সামন থেকে মক্তবগামী রাস্তার পাশে পানি নিষ্কাশনের জন্য এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন হয়। অন্যদিকে ২নং হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নয়টি সলিং রাস্তা ও দুইটি প্লাসাইটিং কাজ শুরু হয়েছে।

বাজেটে কৃষিখাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবিতে রৌমারীতে বিক্ষোভ

বাজেটে কৃষিখাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবিতে রৌমারীতে বিক্ষোভ

admin June 17, 2019

রৌমারী প্রতিনিধি, কুড়িগ্রাম:
বাজেটে কৃষিখাতে ৪০ শতাংশ বরাদ্দের দাবিসহ বেশ কিছু দাবিতে রৌমারীতে মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।


কৃষি কৃষক ক্ষেতমজুর রক্ষণ সংগ্রাম কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১ টায় রৌমারী উপজেলা সদরে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন, সংগ্রাম কমিটির ও বাসদ মার্কসবাদী নেতা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, মঈন উদ্দিন, ফিরোজ আহমেদ, ফারুক আহমেদসহ প্রমুখ।


বক্তারা বলেন, বর্তমান সরকারের যে বাজেট ঘোষণা করা হয়েছে তা গরীব মানুষ মারার বাজেট। এই বাজেট বাতিল করে অবিলম্বে কৃষি খাতে ৪০% বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। সেই সাথে ধান ক্রয়ে দুর্নীতি লুটপাট বন্ধ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিও করেন বক্তারা।


মানববন্ধনে বক্তরা ধান কেনা-বেচা অনিয়ম দুর্নীতি বন্ধ, ক্ষেত মজুরদের সারাবছর কাজ, আর্মি দরে রেশন, বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দ, কৃষি ঋণ মওকুফ, বিনা পয়সায় শিক্ষা-চিকিৎসার ব্যবস্থা, কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবি তুলে ধরেন।

তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে বুটের তলায় পিশে দিয়েছে: মির্জা ফখরুল

তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে বুটের তলায় পিশে দিয়েছে: মির্জা ফখরুল

admin June 17, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে একটি গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য বাংলার মানুষ যুদ্ধ করেছে, বুকের তাজা রক্ত ঢেলেছে। কিন্তু আজ তারাা (আওয়ামীলীগ) সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্নভাবে বুটের তলায় পিশে দিয়ে একটি এক দলীয় শাষণ ব্যবস্থা প্রবর্তন করার সব আয়োজন তারা সম্পন্ন করেছে।


রবিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুহিয়া থানা কর্তক আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বর্তমানে যে সঙ্কটটা সৃষ্টি হয়েছে এ সঙ্কটটা বিএনপির নয় বরং এ সঙ্কট টা জাতির। জাতি তার সমস্ত অধিকার গুলো হারিয়ে ফেলেেেছ। একটা দম বন্ধ করা পরিবেশ, একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ। কোথাও কথা বলার কোন সুযোগ নেই, কোথাও অধিকার নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই, ন্যায় বিচার নেই, ইনসাফ নেই, সোজা কথায় একটা এক নায়কতন্ত্র, একটা শ্বৈরাচার, একটা মগের মূল্লুক তৈরি হয়েছে। এটা বাংলাদেশের মানুষ কখনই কল্পনাও করেনি। ফলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খাগুলো পুরোপুরিভাবে ধুলিস্যাত হয়ে গেছে।


এছাড়াও কৃষকের ধানের দাম কম হওয়ার কারণ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কৃষকের কথা চিন্তা করার সময় এ সরকারের নেই। তারা শুধু চিন্তা করে তাদের পকেটভারী তারা কিভাবে করবে? তিনি বলেন শুধু তাই নয় আপনারা শ্রমিকদের দিকে তাকান শ্রমিকরা ন্যয্য মূল্য পায়না, ব্যসায়ীরা ভালোমতো ব্যবসা করতে পারেনা।


বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এই বাজেটে সাধারন জনগণের কোন লাভ হয়নি। শুধু জিনিস পত্রের দাম বাড়ে সাধারন মানুষের কষ্ট বেড়েছে। আমরা এর ফলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আছি তারা সর্বশান্ত হয়ে যাচ্ছি।


এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আর বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয় আনতে হলে সংগ্রাম করতে হবে। গণতন্ত্র রক্ষার জন্য যে মানুষটি এত এত নির্যাতন সহ্য করলো, এতো সংগ্রাম করলো সেই মানুষটি হলো বেগম খালেদা জিয়া। আজ তিনিই মিথ্যা মামলার দায়ে কারাগারে। তাকে মুক্ত করতে হবে। কারন আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের জন্মই হয়েছিলো সংগ্রামের মধ্যদিয়ে।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি মো: তৈমুর রহমান, সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন, রুহিয়া থানা বিএনপি’র আহ্বায়ক মো. আনছারুল হক সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অবশেষে গ্রেফতার ওসি মোয়াজ্জেম

অবশেষে গ্রেফতার ওসি মোয়াজ্জেম

admin June 16, 2019
ফেনীর নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাজধানীর রমনা জোনের উপকমিশনার মারুফ হাসান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত ১৭ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এরপর থেকেই পলাতক রয়েছেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম।

প্রসঙ্গত ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেন তিনি।

ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ১৫ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন। বাদীর জবানবন্দি গ্রহণ ও মামলার নথি পর্যালোচনা করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এরপরও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আত্মসমর্পণও করেননি।

পুলিশ সদর দফতরের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, গত ৮ মে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। মে মাসের তৃতীয় সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। গত ক’দিন থেকে তার গ্রেফতারি পরোয়ানা নিয়ে ফেনী ও রংপুর পুলিশের ঠেলাঠেলি চলছিল। ঈদের আগে সেখান থেকে নিরুদ্দেশ হন ওসি মোয়াজ্জেম।

এর আগে, গত ৬ এপ্রিল এইচএসসি সমমানের আলিম আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা নুসরাত জাহান রাফিকে ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে গত ১০ এপ্রিল নুসরাত মারা যান।

নতুন খবর দিলেন অপু বিশ্বাস

admin June 16, 2019

ঢাকাই ছবির ‘বিউটি কুইন’ বলা হয় তাকে। মিষ্টি হাসি আর সাবলিল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে রানী হয়ে আছেন। তিনি আর কেউ নন তিনি নায়িকা অপু বিশ্বাস।


নানা জটিলতার কারণে বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা। তবে সব কিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।


কিছুদিন আগে অপু বিশ্বাস অভিনয় করেছেন কলকাতার ‘শটকার্ট’ শিরোনামে একটি সিনেমায়।


এ খবর সবার জানা তবে নতুন খবর হলো ‘শটকার্ট’ ছবিটি মুক্তির আগেই আরো একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপু।


জানা গেছে, শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এই অভিনেত্রী।


তার সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনিও সিনেমাটিতে অভিনয় করবেন।


এদিকে অপু বিশ্বাস অভিনীত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি অপেক্ষায় আছে।


ছবিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধেছেন নায়ক বাপ্পি চৌধুরী।


দ.আফ্রিকার কাছে পাত্তাই পেল না আফগানরা

দ.আফ্রিকার কাছে পাত্তাই পেল না আফগানরা

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রথম তিন ম্যাচ হেরে বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাড়ে জয়ের অপেক্ষা। শেষ পর্যন্ত নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো প্রোটিয়ারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ফাফ ডুপ্লেসিসের দল। ওয়ানডে ইতিহাসে প্রথমবার মুখোমুখি হলো এই দুই দল।


বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ ৪৮ ওভারে নামিয়ে আনা হয়। কার্ডিফের সোফিয়া গর্ডেন্সে আগে ব্যাট করে প্রোটিয়া বোলিং তোপে মাত্র ১২৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের অর্ধশতকে ১১৬ বল হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়রা।

১২৭ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে বেশ সাবধানেই ব্যাট চলাতে থাকেন দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। তাদের ব্যাটিং দৃড়তায় আফগানিস্তানের বোলাররা কোন রকম সুবিধাই করতে পারেনি। উদ্বোধনী জুটিতেই জয়ে ভিত্তি পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৪ রান আসে আমলা ও ডি ককের ব্যাট থেকে।

অর্ধশতক তুলে নেন ডি কক। ৬৮ রান করে গুলবাদিন নাঈবের বলে আউট হন তিনি। এরপর জয়ের আনুষ্ঠানিকতা সারেন আমলা ও আন্দ্রেল ফেলুকায়ো। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তারা। ১ উইকেটে ১৩১ করে দক্ষিণ আফ্রিকা। আমলা ৪১ ও ফেলুকায়ো ১৭ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। তবে ইনিংসের প্রথমেই আসে বৃষ্টির বাধা। ৫.৫ ওভারে বিনা উইকেটে ৩৩ রান তুলেতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার খেলা শুরু হলে দলীয় ৩৯ রানে হযরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ৫৬ রানে বিদায় নেন রহমত শাহ।

২০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তোলার পর দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির থামার পর ম্যাচ পুনরায় শুরু হলে ৫০ ওভারের ম্যাচ ৪৮ ওভারে নামিয়ে আনা হয়।

এরপরই আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামান প্রোটিয়া বোলাররা। ইমরান তাহির, ক্রিস মরিসের বোলিং তোপে মাত্র ১২৫ রানে অলআউট হয় আফগানরা। সর্বোচ্চ ৩৫ রান আসে রশিদ খানের ব্যাট থেকে। এছাড়া দুই ওপেনার নূর আলী জাদরান ৩২ ও হজরতউল্লাহ জাজাই ২২ করলেও বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।


সংক্ষিপ্ত স্কোর


আফগানিস্তান: ৩৪.১ ওভারে ১২৫/১০ (রশিদ খান ৩৫, নুর আলী জাদরান ৩২, হযরতউল্লাহ ২২; ইমরান তাহির ৪/২৯, ক্রিস মরিস ৩/১৩)।


দক্ষিণ আফ্রিকা: ২৮.৪ ওভারে ১৩১/১ (ডি কক ৬৮, আমলা ৪১*, ফেহালুকাওয়ে ১৭*)।


ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।


ম্যাচ সেরা: দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইমরান তাহির।
ঠাকুরগাঁওয়ে ঋণ শোধ না করতে পেরে কৃষকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ঋণ শোধ না করতে পেরে কৃষকের আত্মহত্যা

admin June 16, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় কুঞ্জমোহন সিংহ (৪০) নামে এক কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুঞ্জমোহন সিংহ একই এলাকার বাসিন্দা।


স্থানীয়রা জানান, কুঞ্জমোহনের বড় মেয়ে বেলী রাণীর বিয়ে দিতে এলাকার দাদন ব্যবসায়ীদের কাছে ঋণ নিয়েছিলেন। কথা ছিল ঘরে ফসল তোলার পর তা বিক্রি করে দেনা পরিশোধ করবেন।


কিন্তু বিধির বাম! ধানের ফলন ভাল হলেও বাজার দর নিম্মমুখী। কম দামে ধান বিক্রি করে কুঞ্জমোহন দাদন ব্যবসায়ীর সুদ ও আসল টাকার দাবি মেটাতে ব্যর্থ হন। এই অপমান সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি বলেন, কুঞ্জমোহন ঘটনার দিন রাতে বাড়ি থেকে কিছু দূরে একটি মেহগনি গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ এ খবর পেয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ নামিয়ে থানায় নেয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তার সৎকার করা হয় ।


কুঞ্জমোহনের স্ত্রী সন্ধ্যা রাণী জানান, সংসারে চাহিদা মেটাতে তার স্বামী খোচাবাড়ি গ্রামের দাদন ব্যবসায়ী আবদুল মান্নানের কাছে চড়া সুদে ঋণ নিয়েছিলেন।


টাকার জন্য ওই দাদন ব্যবসায়ী তাদের বাড়িতে আসেন। তবে ধান বিক্রি না হওয়ায় তার স্বামী ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। এর কয়েকদিন পরেই কাউকে না জানিয়ে তার স্বামী এ পথ বেছে নেন।


এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরু হক বলেন, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ওই কৃষক আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে। তবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ

বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ

admin June 16, 2019

দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মূলত টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুনের শিকার হন বিপ্লব চন্দ্র রায় (২৫) ও হানিফুর রহমান (২৮)। এ ঘটনায় আটক তরিকুল ইসলাম (২৭) আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। শনিবার (১৫ জুন) দিনাজপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এ তথ্য জানান এসপি সৈয়দ আবু সায়েম।


এর আগে ৩০ মে (বৃহস্পতিবার) সকালে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তার পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই যুবক হলেন- উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮)।


তিনি জানান, গত ১৩ জুন বীরগঞ্জের শালবন থেকে নিহত দুই যুবকের বন্ধু একই উপজেলার শতগ্রামের (পালাপাড়া) মো. গিয়াসউদ্দিনের ছেলে তরিকুলকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিজের দোষ স্বীকার করেন। পরের দিন ১৪ জুন আদালতের বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।


জবানবন্দীতে তিনি জানান, ঘটনার আগের দিন ২৯ মে (বুধবার) দুপুরে বীরগঞ্জ বাজারে ঝারবাড়ি থেকে বিপ্লব, হানিফুরসহ তিনি (তরিকুল) একত্রিত হয়ে নীলফামারীর দেবীগঞ্জ বাজারে যান। পরে ওই বাজারে অবস্থানকালে গোপনে একটি ধারালো অস্ত্র কিনে কোমরে লুকিয়ে রাখেন আসামি তরিকুল। এরপর রাত সোয়া ৯টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ইয়াবা ও ফেনসিডিল সেবন করেন। পরে সেখান থেকে রাত ২টার দিকে তারা মোটরসাইকেলে করে ঘটনাস্থল দেবফুর গ্রামের বালাপাড়ার যদুর মোড়ে যাওয়ার জন্য রওনা হন।


ঘাতক তরিকুল মোটরসাইকেলের সবার শেষে বসে থাকার সুবাদে ঘটনাস্থলে প্রথমে মোটরসাইকেলের অপর আরোহী বিপ্লবের গলায় ও এর পরপরই চালক হানিফের গলায়ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল থেকে তিনজনই পড়ে যান। এসময় আসামি তরিকুল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ ঘোড়াঘাট উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।


পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হানিফুর ও বিপ্লবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গুজরাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭ জনের মৃত্যু

গুজরাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭ জনের মৃত্যু

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ভারতের পশ্চিমাঞ্চলে হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। গুজরাট রাজ্যের ভাদোদারা জেলায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার দেশটির পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে তিনজন ওই হোটেলের কর্মচারি আর বাকি চারজনকে ট্যাংকটি পরিষ্কার করার জন্য আনা হয়েছিল। খবর এনডিটিভির।


গুজরাটের ভাদোদরা শহর থেকে ৩৫ কিমি দূরে অবস্থিত ফার্টিকুই গ্রামের এক হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইতিমধ্যে নিহতদের শনাক্ত করা হয়েছে।


ভাদোদারা ফায়ার সার্ভিস কর্মকর্তা নিকুঞ্জ আজাদ ঘটনার বিবরণ দিয়ে বলেন, প্রথমে একজন পরিচ্ছন্ন কর্মী ট্যাংকে প্রবেশ করে। বহুক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। তাকে ডাকা হলে কোনো সাড়া না পাওয়ায় অপর তিন পরিচ্ছন্ন কর্মী তাকে সাহায্য করতে সেখানে প্রবেশ করে।


তিনি আরও বলেন, অনেকক্ষণ পরেও এদের কেউই ট্যাংকের ভেতর থেকে কোন সাড়া না দিলে হোটেলের তিন কর্মচারী সেখানে প্রবেশ করেন। পরে সাতজনের সবাই সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।


ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করতে শুরু করেছে বলে জানিয়েছেন দাভোই থানার ডিএসপি কল্পেশ সোলাঙ্কি।


ভারতে দলিত সম্প্রদায়ের হাজার হাজার মানুষ, ভূগর্ভস্থ পাইপ ও সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করে। তারা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা মুখোশ না পরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ কাজ করে থাকে।


প্রসঙ্গত, পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে এভাবে নর্দমা পরিষ্কারের কাজ দীর্ঘদিন আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বৃহত্তর আন্দোলনও হয়েছে দেশজুড়ে। তারপরেও জাত-পাতের বিভেদ এবং বংশ পরম্পরায় অন্য কাজ কপালে জোটে না ভারতীয় পরিচ্ছন্ন কর্মীদের।

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। যা তাড়া করতে গিয়ে দিমুথ করুনারত্নে ও কুশল পেরারা দুর্দান্ত শুরু এনে দিলেন শ্রীলঙ্কাকে। যা অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নই জাগাল লঙ্কান দর্শকদের মনে। কিন্তু মিচেল স্টার্ক আর কেন রিচার্ডসনের তোপে ভেঙে পড়ল লঙ্কান ব্যাটিং লাইন। আসরে নিজেদের চতুর্থ জয়ে অস্ট্রেলিয়া ওঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।


শনিবার বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারায় অস্ট্রেলিয়া। ওভালে টস হেরে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৩৪ রানের পুঁজি গড়ে। জবাবে শ্রীলঙ্কা থেমেছে ২৪৭ রানে। ২৫ বল বাকি থাকতেই ‍গুটিয়ে যায় দলটি।


অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংস খেলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। স্টিভ স্মিথের ব্যাট থেকে এসেছে ৭৩ রান। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেছেন।


আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার এদিন ২৬ রান করে ফেরেন। তবে তার আগে ফিঞ্চের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮০ রান। ১৭তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড হন ওয়ার্নার। খেলেছেন খুবই ধীর গতিতে। ৪৮ বলে মাত্র ২ চারে নিজের ইনিংস সাজান ওয়ার্নার। এরপর উসমান খাজাও ফিরে যান দ্রুত। ব্যক্তিগত ১০ রানে ধনঞ্জয়া ডি সিলভার শিকার তিনিও।


তবে অ্যারন ফিঞ্চ এদিন আর সেঞ্চুরি মিস করেননি। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮২ রানে আউট হয়েছিলেন। তবে এদিন সেঞ্চুরিটাকে দেড় শতে রূপ দিয়েছেন। ৪৩তম ওভারে উদানার শিকার হওয়ার আগে ১৩২ বলে ১৫টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা।


তৃতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে ১৭৩ রান যোগ করেন ফিঞ্চ। দুজনই অবশ্য ফিরেছেন পাশাপাশি। ফিঞ্চ ফেরার পরের ওভারেই ফিরেছেন স্মিথ। ৫৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৩ রান করেন তিনি।


এরপর চলেছে ম্যাক্সওয়েলের একক শো। অন্য প্রান্তে আসা যাওয়া চললেও ম্যাক্সওয়েল ঝড়ে তিন শ পেরোনো স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৬ রানের ইনিংসটি খেলেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন ইসুরু উদানা ও ধনঞ্জয়া ডি সিলভা।


জবাব দিতে নেমে দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরার জোড়া ফিফটিতে শ্রীলঙ্কা পায় উড়ন্ত শুরু। দুজনই চড়াও হয়ে খেলতে থাকেন শুরু থেকেই। অজি বোলারদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছেন দুজন।


৬.৫ ওভারে শ্রীলঙ্কা ফিফটি পূরণ করে। করুনারত্নে ৪৩ বলে ফিফটি পূরণ করেন। পেরেরা ফিফটি পূরণ করেছেন ৩৩ বলে। তবে ১৬তম ওভারে দলীয় ১১৫ রানে ফিরে যান পেরেরা। ব্যক্তিগত ৫২ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। ৩৬ বলে নিজের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৫ চার ও ১ ছক্কায়।


এরপর থিরমান্নের সঙ্গে ৩৮ রানের জুটি হয়েছে করুনারত্নের। তরে থিরিমান্নে ১৬ রানের বেশি করতে পারেননি। এরপর করুনারত্নেও ফিরে যান সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে। রিচার্ডসনের বলে ম্যাক্সওয়েলকে ক্যাচ দেন করুনারত্নে। ১০৮ বলে ৯৭ রান করেন ৯ চারে।


করুনারত্নে ফেরার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার আশার প্রদীপ নিভে যায়। এর মধ্যে মিচেল স্টার্ক হয়ে উঠলেন ভয়ংকর। কুশল মেন্ডিস (৩০) ছাড়া আর কেউ বলার মতো রান পেলেন না। আসরে তাই দ্বিতীয় পরাজয় মেনে নিতে হলো শ্রীলঙ্কাকে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অ্যারন ফিঞ্চ।


৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার ৫ ম্যাচে ৪ পয়েন্ট। দলটি একটি মাত্র ম্যাচ জিতেছে। তাদের দুটিতে ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।

রোহিঙ্গা সঙ্কটের সমাধান ও তিস্তা চুক্তি সম্পাদনের আশ্বাস

রোহিঙ্গা সঙ্কটের সমাধান ও তিস্তা চুক্তি সম্পাদনের আশ্বাস

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা, বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি সম্পাদন ও সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।


ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড.এস. জয়শংকরের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব সহযোগিতার কথা ব্যক্ত করেন। শুক্রবার তাজাকিস্তানের রাজধানী দুশানোবেতে স্থানীয় হোটেল সেরিনায় তারা এ বৈঠকে মিলিত হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি ছিল প্রথম বৈঠক।


কনফারেন্স অন ইন্টার‌্যাকশন এন্ড কনফিডেন্স বিল্ডিং মেজারর্স ইন এশিয়া (সিআইসিএ)- এর পঞ্চম সম্মেলনে যোগ দিতে দুশানবেতে অবস্থানরত রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে অবস্থান করছেন ড.আব্দুল মোমেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।


ড.এস জয়শংকর রোহিঙ্গা সমস্যা সমাধান, বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, প্রতিবেশী দেশসমূহের সাথে ভারতের সদ্ভাব ও সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার পরিণত সংবেদনশীলতা প্রদর্শন করেছে।


ভারতের পূর্বমুখী অর্থনৈতিক প্রবেশদ্বার (গেটওয়ে) হিসেবে বাংলাদেশের অনন্য সম্ভাবনা ও ভূকৌশলগত সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, বিআইএমএসটিইসি-কে শক্তিশালী করলে উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে। ভারত আঞ্চলিক সংযোগের ওপর সমধিক গুরুত্বারোপ করে থাকে বলেও জানান তিনি।


ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা এবং পরিপক্ক ও প্রশংসনীয় নেতৃত্বের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘ বিরাজিত অমীমাংসিত ও স্পর্শকাতর ইস্যুসমূহ সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্ককে যে অভূতপূর্ব উচ্চতায় উন্নীত করেছেন,তা বিশ্বের অপরাপর দেশগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।


এ সময় তিনি ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস.জয়শংকরকে অভিনন্দন জানান।


এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রায় এক’শটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (স্পেশাল ইকোনমিক জোন, এসইজেড) ভারতীয় বিনিয়োগ আকর্ষণে ড.এস জয়শংকরের সহযোগিতা কামনা করেন।


তিনি ২০২০ সালে অনুষ্ঠেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশের ৫০ বছরপুর্তি উদযাপনে ভারতকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।


বৈঠকে ড.এস. জয়শংকর বাংলাদেশ সফরে আশার কথা ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে বলে দুই পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

থানায় ডেকে ব্যবসায়ীকে নির্মম নির্যাতন

থানায় ডেকে ব্যবসায়ীকে নির্মম নির্যাতন

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বগুড়া সদর থানা হেফাজতে এক ব্যবসায়ীকে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের নির্যাতনের শিকার সোহান বাবু আদর (৩২) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি শহরের সুলতানগঞ্জ পাড়ার সাইদুর রহমানের ছেলে।


এদিকে এ ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশে চারজনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযুক্তরা হলেন- বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ আলী ও নিয়ামত উল্লাহ এবং কনস্টেবল এনামুল হক।


সোহান বাবু বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত কনস্টেবল এনামুল, এস আই জব্বারসহ কয়েকজন তাকে কখনো ঝুলিয়ে আবার কখনো হ্যান্ডকাফ দিয়ে হাত বেঁধে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে থানা থেকেই তার বাবা ও বোনকে থানায় ডেকে নেয়া হয়। এরপর তাদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষরর নিয়ে ছেড়ে দেওয়া হয়।


জানা যায়, সোহান আগে ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করলেও সম্প্রতি একই এলাকায় আল-ফালাহ্ বহুমুখী উন্নয়ন সংস্থা নামে একটি ঋণদান সমিতির কার্যক্রম চালাতেন। ওই সমিতিতে একই এলাকার সাথী বেগম নামে এক নারীর ৩০ শতাংশ এবং বাপ্পী নামে আদরের এক বন্ধুর ৩০ শতাংশ অংশীদারত্ব রয়েছে।


নির্যাতনের শিকার আদর ও তার বড় বোন সম্পা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানার মুন্সি (কনস্টেবল) এনামুল হক মোবাইল ফোনে আদরকে থানায় ডাকেন। ওই ফোন পেয়ে তিনি থানায় যাওয়ার পরপরই তাকে হাজতে আটকে রাখা হয়। খবর পেয়ে তার বোন সম্পা রাতেই থানায় গেলে জানানো হয়, একই এলাকার সাথী বেগম তার মেয়েকে উত্ত্যক্ত (ইভটিজিং) ও পাওনা টাকা না দেওয়ার অভিযোগ করেছেন। এ কারণে তাকে আটক করা হয়েছে।


সোহান বাবু আদর বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ১১ টা পর্যন্ত কনস্টেবল এনামুল, এস আই জব্বারসহ কয়েকজন তাকে কখনো ঝুলিয়ে আবার কখনো হ্যান্ডকাফ দিয়ে হাত বেঁধে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে থানা থেকেই তার বাবা ও বোনকে থানায় ডেকে নেয়া হয়। এরপর তাদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষরর নিয়ে ছেড়ে দেওয়া হয়।


আহত আদরের স্ত্রী পাপিয়া বেগম জানান, থানা থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার রাতেই সোহান বাবু আদরকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে গেলে এসআই জব্বার ও কনস্টেবল এনামুল ভয়ভীতি দেখায়। এ কারণে তারা রাতে বিষয়টি কাউকে জানাতে পারেননি।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আদরের সঙ্গে কথা বলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী জানান, পুলিশ সুপার জেলার বাইরে থাকায় বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন সম্ভব হয়নি। তবে তার নির্দেশে অভিযুক্ত ওই চার পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three