টেন্ডার ছাড়াই পীরগাছা ভূমি অফিসের ৫ লাখ টাকার গাছ কর্তন, রাতের আধারে হরিলুট

টেন্ডার ছাড়াই পীরগাছা ভূমি অফিসের ৫ লাখ টাকার গাছ কর্তন, রাতের আধারে হরিলুট

admin June 20, 2019

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ইউনিয়ন ভূমি অফিসের শতবর্ষী বিভিন্ন প্রজাতির ৫টি মূল্যবান গাছ কর্তন করে আত্মসাত করার পায়তারার অভিযোগ উঠেছে। নিয়ম নীতিকে তোয়াক্কা না করে টেন্ডার ছাড়াই গাছগুলো কর্তন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


এদিকে কর্তন করা গাছগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার যোগসাজসে একটি মহল রাতের আধারে হরিলুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।


জানা যায়, উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন শতবর্ষী একটি আম, দুটি রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির ৫টি গাছ গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কর্তন করা হয়। ওই গাছগুলোর মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যোগসাজসে সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশীলদার) গাছগুলো কর্তন করেন। বর্তমানে গাছের গুল ও কান্ডগুলো আত্মসাতের উদ্দেশ্যে গোপনে বিক্রি করা হলেও ডালপালাগুলো পড়ে থাকতে দেখা যায়। সরকারী নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো আত্মসাতের উদ্দেশ্যে শতবর্ষী গাছগুলো কেটে ফেলায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


ভূমি অফিস সংলগ্ন বাসিন্দা আব্দুর রহিমসহ অনেকে বলেন, বিনা টেন্ডারে শতবর্ষী ৫টি গাছ কেটে ফেলা হয়েছে। ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা বকুল মিয়া গাছগুলো কাটার পর কোন পরিমান না করেই রাখেন এবং রাতের আধারে গাছের গুলগুলো তহসিলদার বকুল মিয়ার বিশ্বস্ত লোকজন হরিলুট করে নিয়ে যায়। এসময় এলাকাবাসী বাধা দেবার চেষ্টা করলেও বকুল মিয়ার লোকজন তাদের নানা ভয়ভীতি দেখান । ফলে শতবর্ষী গাছগুলো কর্তনের মাধ্যমে বৃক্ষ নিধন কর্মসূচি গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পীরগাছা সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার বকুল মিয়া বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাছগুলো কাটা হয়েছে।


পীরগাছা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেকেন্দার আলী জানান, সরকারি জমির গাছ কাটতে বা বিক্রি করতে হলে বন বিভাগের পূর্ব অনুমতি নিতে হয়। কিন্তু ওই গাছগুলো কাটা ও বিক্রির ব্যাপারে বন বিভাগের কাছে কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি।


পীরগাছা উপজলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা ফেরদৌস বলেন, উপজেলা ভূমি অফিস নির্মাণের জন্য গাছগুলো কর্তন করা হয়েছে।


এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, গাছ কর্তনের বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি আমি দেখছি।

পীরগাছায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

পীরগাছায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

admin June 20, 2019

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক আটক করেছে পুলিশ। গতকাল রাতে ওই ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম নাজমুল (২২) ও সুজা (২০)।


পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইডলাম নাজমুল (২২) ও সুজা (২০) নামের অপর এক যুবককে উপজেলা সংলগ্ন বটতলী থেকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।


অপরদিকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলামকে (৩৫) মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। রবিউল উপজেলার জগজীবন গ্রামের মহির উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, রবিউল ইসলাম নারী ও শিশু নির্যাতন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


ওসি রেজাউল করিম বলেন, বুধবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

admin June 20, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে কুড়িগ্রাম শহরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও ঘোগাদহ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ঘোগাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সুবত আলী, যুবলীগ সভাপতি এনামুল হক মাষ্টার প্রমুখ।



বক্তারা বলেন, গত ১৭ জুন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদে ঘোগাদহ ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এবং ইউপি সদস্য আবুল কালাম আজাদ আইন শৃংখলা কমিটির সভায় আসেন।


সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমান উদ্দিন মঞ্জুর লোকজন তাদের উপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর আহত করে। বর্তমানে ঐ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

কোপা আমেরিকা: ভেনেজুয়েলার কাছে বড় হোঁচট খেল ব্রাজিল

কোপা আমেরিকা: ভেনেজুয়েলার কাছে বড় হোঁচট খেল ব্রাজিল

admin June 19, 2019

প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল। দখলেও ছিল বল। একের পর এক আক্রমণ হচ্ছিল প্রতিপক্ষের জালে। কিন্তু সেই আক্রমণ কার্যকরী ছিল না। ফলে যা হওয়ার তাই হলো। ব্রাজিলের মত দলকে আটকে দিল ভেনেজুয়েলা।


বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচটি হয়। এতে মুখোমুখি হয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। ম্যাচটি ড্র হওয়ায় ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ‘এ’ গ্রুপের টেবিলে প্রথমে আছে ব্রাজিল।


ব্রাজিল তিনবার ভেনেজুয়েলার জালে বল জড়ালেও তিনটি গোলই বাদ দিয়ে দেয় ম্যাচ রেফারি। একবার ফাউল, একবার অফসাইড এবং শেষবার অপরিষ্কার এক কারণে গোল বাতিল করে দেওয়া হয়।


নেইমারকে ছাড়াই কোপার নবম শিরোপার মিশন শুরু করে ব্রাজিল। বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে সূচনাটা দারুণ করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখেতে পারেনি কৌতিনহো-ফিরমিনোরা। তবে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আটবারের কোপা চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে একটি জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট রেখেছে ঝুলিতে।


শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোতে গ্রুপ পর্বের পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি: লালমনিরহাটে বন্যার কবলে কয়েক গ্রামের মানুষ

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি: লালমনিরহাটে বন্যার কবলে কয়েক গ্রামের মানুষ

admin June 19, 2019

লালমনিরহাট প্রতিনিধি:
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে আকস্মিকভাবে পানিবৃদ্ধি হয়েছে। ফলে মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলসহ ৫টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।


গ্রামগুলো হচ্ছে- দ্বীপচর, দক্ষিণবালাপাড়া, গোবরধন, চন্ডিমারী ও কুটিরপাড়। সেই সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানও।


সরেজমিন উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা বেষ্টিত এলাকা ঘুরে দেখা গেছে, তিস্তা নদীতে আকস্মিকভাবে পানিবৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে তিস্তা নদীতে পানি বাড়তে থাকে। আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের বাড়ি-ঘরে পানি উঠতে থাকে।


শুধু তাই নয়,পানি বৃদ্ধির ফলে গোবরধন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবরধন এম. এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবরধন হায়দারীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পানি উঠায় বিপাকে পড়তে হয়েছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের।


মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান মতি ইত্তেফাককে জানান, আকস্মিকভাবে তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দ্বীপচরের প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেই সঙ্গে চরাঞ্চলের লোকজনের বেঁচে থাকার একমাত্র সম্বল বাদাম, ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।


গোবরধন বাহাদুরপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেন বলেন, হঠাৎ করে নদীতে পানিবৃদ্ধি হয়েছে। ফলে তিনি পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে গবাদিপশু নিয়ে বিপাকে রয়েছেন। একই কথা জানালেন আজল মিয়াও।


গোবরধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, বিদ্যালয়টি পানিবন্দি হওয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানান।


মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ৫ হাজার পরিবার পানিবন্দি হওয়ার কথা দাবি করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে পানিবন্দি পরিবারের তালিকা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য বলা হয়েছে।


আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান বলেন, পানিবন্দি পরিবারের খোঁজ-খবর নেয়া হচ্ছে।

অভিযানে গিয়ে নকল ‘ম্যাজিস্ট্রেট’ ধরা খেল আসল ম্যাজিস্ট্রেটের হাতে

অভিযানে গিয়ে নকল ‘ম্যাজিস্ট্রেট’ ধরা খেল আসল ম্যাজিস্ট্রেটের হাতে

admin June 19, 2019

প্রায় এক বছর ধরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন মোহাম্মদ বিন জহির সুমন ভূইয়া। নিজেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাও আদায় করতেন তিনি। কিন্তু তিনি আসলে ম্যাজিস্ট্রেট নন।


মঙ্গলবার (১৮ জুন) গুলশান এভিনিউ’র চিটাগাংবুল নামের একটি রেসটুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করতে গিয়ে অবশেষে আসল ম্যাজিস্ট্রেটের হাতে নিজেই গ্রেফতার হয়েছেন নকল ম্যাজিস্ট্রেট সাহেব।


জানা গেছে, ওই রেস্টুরেন্টে গিয়ে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তার চালচলনে সন্দেহ হয় রেস্টুরেন্ট কর্মকর্তাদের।


ঢাকা উত্তর সিটির করপোরেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বেলা ৩টায় গুলশান এভিনিউর একটি রেস্টুরেন্ট থেকে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


তিনি ডিএনসিসির নির্বাহী ম্যাজিট্রেট সারোয়ার পরিচয় দিয়ে রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে ১০ হাজার টাকা দাবী করেন। রেস্টুরেন্ট ম্যানেজার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে জানালে সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করেন।

মোবাইল ব্যাংকিং: ব্যালেন্স দেখতে পয়সা গ্রাহকদের দিতে হবে না

মোবাইল ব্যাংকিং: ব্যালেন্স দেখতে পয়সা গ্রাহকদের দিতে হবে না

admin June 19, 2019

মোবাইলভিত্তিক আর্থিক সেবায় (এমএফএস) হিসাবের ব্যালান্স দেখার জন্য গ্রাহকদের কোনো খরচ হবে না। প্রতি বার ব্যালেন্স দেখার জন্য যে ৪০ পয়সা খরচ হবে তা বহন করতে হবে সংশ্লিষ্ট অপারেটরকে। মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়।


বিটিআরসির নির্দেশনায় বলা হয়, বিকাশ, রকেট, শিওরক্যাশ ও নগদের মতো মুঠোফোন ভিত্তিক আর্থিক সেবায় (এমএফএস) ব্যালান্স দেখতে গ্রাহককে কোনো টাকা গুনতে হবে না।


এতে আরো বলা হয়, গত ১৩ জুন যে নির্দেশনা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে গ্রাহকের ওপর নতুন করে চার্জ আরোপের কোনো সুযোগ নেই।


এর আগে, গত ১৩ জুন এ সংক্রান্ত বিটিআরসি’র ওই নির্দেশনায় বলা হয়, একটি আর্থিক লেনদেন ৯০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হলে মুঠোফোন অপারেটররা ৮৫ পয়সা পাবে। এ ছাড়া আর্থিক লেনদেন ছাড়া অন্য কাজের জন্য প্রতিবার ৪০ পয়সা দিতে হবে। উল্লেখ্য, আর্থিক লেনদেন ছাড়া গ্রাহকরা মূলত ব্যালেন্স দেখার কাজই করেন।


তবে, নির্দেশনায় আর্থিক লেনদেন ব্যতীত অন্য কাজের জন্য নির্ধারিত ৪০ পয়সা গ্রাহক নাকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে সে বিষয়ে কিছু বলা হয়নি। এর প্রেক্ষিতে আজকের এই নির্দেশনার মাধ্যমে এই ধোঁয়াশা দূর করলো বিটিআরসি।

কোপা আমেরিকা: আজ সকাল ৬ টায় খেলবে ব্রাজিল-ভেনেজুয়েলা

কোপা আমেরিকা: আজ সকাল ৬ টায় খেলবে ব্রাজিল-ভেনেজুয়েলা

admin June 19, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দক্ষিণ আমেরিকার ফুটবল চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকায় আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হট ফেবারিট ব্রাজিল। ঘরের মাঠ সালভাদরের ফন্তে নোভায় নেইমারবিহীণ তিতের দলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। পা মচকে নেইমার নেই দেশের মাটিতে কোপা আমেরিকায়।


তবে প্রথম ম্যাচে সেই অভাব বুঝতে দেয়নি ব্রাজিল দলের আক্রমনভাগ। নেইমারের জায়গায় খেলতে নামা তরুণ রিশার্লিসনের সঙ্গে অভিজ্ঞ রবের্তো ফিরমিনো, চিয়াগো সিলভা ও ফিলিপে কৌতিনিয়োরার চমৎকার বোঝাপড়ায় ৩-০’তে উদ্বোধনী ম্যাচ জেতে তিতের দল।


গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সামনে আজ অপেক্ষাকৃত দুর্বল দল ভেনেজুয়েলা। যাদের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের চারটি জিতে অন্য দুটি ড্র করেছে বিশ্বকাপে রেকর্ড পাঁচবার আর দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে তৃতীয় সর্বাধিক আটবার শিরোপা জেতা ব্রাজিল।


বিশ্বকাপে এখনো খেলার সুযোগ তৈরি করতে না পারা ভেনেজুয়েলা ‘এ’ গ্রুপে ১০ জনের দল হয়েও আটকে দেয় পেরুর জয়। ব্রাজিলের বিপক্ষে ২৪ ম্যাচে ২০০৮ সালে একবারই জয়ের দেখা পায় ক্যারিবিয়ান দেশটি।


ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দেখবেন যে চ্যানেলে: এই ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিন প্লাস ও বেইন স্পোর্টস চ্যানেলে।

ইংল্যান্ডের কাছে দেড়শ’ রানের হার আফগানদের

ইংল্যান্ডের কাছে দেড়শ’ রানের হার আফগানদের

admin June 19, 2019

আফগানিস্তানের জন্য লক্ষ্যটা ছিল স্বপ্ন ছোঁয়ার মতো। ইংল্যান্ডের দেয়া ৩৯৮ রানের লক্ষ্য তাড়া করে জিততে বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করতে হতো দলটিকে। সেই বাস্তবতা উপলব্ধি করেই খেলে আফগানিস্তান। তাই জয়ের চিন্তা বাদ দিয়ে হারের ব্যবধান কমানোর লক্ষ্য নেয় তারা। সেই লক্ষ্য মোটামুটি সফল হয়েছে। শেষ পর্যন্ত আফগানিস্তান নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৪৭ রান করে। তাই ইংল্যান্ড ১৫০ রানের বড় জয় পায়।


চলতি বিশ্বকাপে ৩৯৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলে ইংল্যান্ড। বিশ্বকাপে ইংলিশদের এটা সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে চলতি বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৩৮৬ রান করেছিল ইয়ন মরগানের নেতৃত্বাধীন দল। তবে বিশ্বকাপের ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে গত আসরে সর্বোচ্চ ৪১৭/৬ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছে অস্ট্রেলিয়া।


মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন হাসমতউল্লাহ শহীদি। এছাড়া ৪৬ রান করেন রহমত শাহ। ৪৪ ও ৩৭ রান করেন সাবেক ও বর্তমান অধিনায়ক আসগর আফগান ও গুলবাদিন নাইব।


ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৮ রানের পাহাড় ডিঙাতে নেমে ভরকে যায়নি আফগানিস্তান। রানের পাহাড়ে চাপা পড়েও অসাধারণ ব্যাটিং করেন হাসমতউল্লাহ শহীদি ও আসগর আফগানরা। দলীয় ৪ রানে ওপেনার নুর আলী জাদরান আউট হলে দলের হাল ধরেন গুলবাদিন নাইব ও রহমত শাহ।


দ্বিতীয় উইকেটে তারা ৪৮ রানের জুটি গড়েন। ২৮ বলে ৩৭ রান করে ফেরেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব। এরপর তৃতীয় উইকেটে হাসমতউল্লাহর সঙ্গে ৫২ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান রহমত শাহ। ৭৪ বলে ৪৬ রান করে ফেরেন তিনি।


২৪.৫ ওভারে দলীয় ১০৪ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন হাসমতউল্লাহ ও আসগর আফগান। চতুর্থ উইকেটে তারা ৯৪ রানের জুটি গড়েন। ৪৮ বলে তিনটি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করে ফেরেন সাবেক অধিনায়ক আসগর আফগান। মাত্র ৯ রানে আউট হন মোহাম্মদ নবী।


ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন হাসমতউল্লাহ। ইনিসের শেষ দিকে জফরা আর্চারের গতির বলে বোল্ড হওয়ার আগে ১০০ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৭৬ রান করে ফেরেন হাসমত। তার বিদায়ের পর ১৩ বলে ১৫ রান করে ফেরেন নজিবুল্লাহ জাদরান। শেষ দিকে রশিদ খান ও ইকরাম আলিখিনরা দলের পরাজয়ের ব্যবধান কিছুটা কমালেও হারা এড়াতে পারেননি।


ইংল্যান্ড ৩৯৭/৬


ইয়ন মরগানের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি এবং জনি বেয়ারস্টো-জো রুটের ঝড়ো ফিফটিতে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ করে ইংলিশরা। চলতি বিশ্বকাপে এটাই দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।


বিশ্বকাপে এটা তাদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে চলতি বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৩৮৬ রান করেছিল ইয়ন মরগানের দল।


তবে বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৪১৭/৬ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের বিশ্বকাপে এই আফগানিস্তানের বিপক্ষেই এই রেকর্ড গড়েছিল মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল।


মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড।আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান জনি বেয়ারস্টো, ইয়ন মরগান ও জো রুট।


মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তিনি ৭১ বলে ১৭টি ছক্কা ও চারটি চারের সাহায্যে ১৪৮ রান করে আউট হন। এছাড়া ৯৯ বলে ৯০ রান করেন বেয়ারস্টো। ৮২ বলে ৮৮ রান করেন জো রুট।


প্রথমে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টোর সঙ্গে উদ্বোধনীতে নেমে ৯.৩ ওভারে ৪৪ রানের জুটি গড়েন জেমস ভিন্স। দৌলত জাদরানের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৩১ বলে ২৬ রান করে ফেরেন জেমস ভিন্স।


ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামে দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। দ্বিতীয় উইকেটে রুটকে সঙ্গে নিয়ে ১২০ রানের জুটি গড়েন বেয়ারস্টো। এই জুটিতেই অনবদ্য ব্যাটিং করে ৬১ বলে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি।


কিন্তু ৯৯ বলে ৮টি চার ও তিন ছক্কায় ৯০ রান করে গুলবাদিন নাইবের গতির মুখে পড়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো। তার বিদায়ে ২৯.৫ ওভারে ১৬৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।


এরপর তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৮৯ রানের জুটি গড়েন ইয়ন মরগান। আর এই জুটিতেই ৫৭ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এটা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।


এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার কেভিন ওব্রায়েন। ৫১ বলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল। আর ৫২ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স।


ইয়ন মরগানের মতো সেঞ্চুরির পথেই ছিলেন জো রুট। গুলবাদিন নাইবের শিকারে পরিণত হওয়ার আগে ৮২ বলে পাঁচটি চার ও এক ছক্বায় ৮৮ রান করে ফেরেন রুট। এর আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।


জো রুট বিদায় নেয়ার পর পরই আউট হয়ে যান ইয়ন মরগান। গুলবাদিন নাইবের তৃতীয় শিকার পরিণত হওয়ার আগে মাত্র ৭১ বলে ১৭টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ১৪৮ রান করেন মরগান। শেষ দিকে মঈন আলীর ৯ বলের অপরাজিত ৩১ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

কাউনিয়া উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

কাউনিয়া উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

admin June 19, 2019

মিজানুর রহমান
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া’র সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহাবুব উল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রমূখ।


আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন দাতা সংস্থার প্রতিনিধি সূজানিভি মুলার, সাইদুর রহমান মোল্লা ও নাদিম রহমান।


এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিকসহ সূধীবৃন্দরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরে ১১ কোটি ১ লক্ষ ৩১ হাজার ৫ শত ৬৮ টাকার বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।


এসময় চলতি অর্থবছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।


আগামী অর্থবছরের এ বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়ঃ নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিশু ও নারীদের অধিকার রক্ষা, খেলাধুলাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।

কাউনিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

কাউনিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

admin June 19, 2019

মিজান, কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শামছুল ইসলাম (৬৩) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গনাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে মৃত কাঁচুয়া মামুদ এর পুত্র।


জানা গেছে, ঘটনার দিন গাছ কাটতে গিয়ে নিজের অজান্তেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কুড়িগ্রামে এসপির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে এসপির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

admin June 19, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম (পিপিএম) এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব থেকে শহীদ মিনার চত্ত¡র পর্যন্ত কুড়িগ্রাম-চিলমারী সড়কে ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা রানী দেব, সহকারী শিক্ষক আনোয়ারুল হক, হযরত আলী, মোশারফ হোসেন, শিক্ষার্থী রহমত আলী রনি, মিনারুল ইসলাম ও আফসানা শাহরিমা প্রমুখ।


বক্তারা বলেন, শিক্ষানুরাগী পুলিশ সুপার মেহেদুল করিম কুড়িগ্রামে আসার পর থেকে আইন শৃংখলার পাশাপাশি শিক্ষার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে চলেছেন। দায়িত্বে থাকা অবস্থায় তিনি খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানসহ গরিব শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে আসছেন।


পাশাপাশি নিজ খরচে শিক্ষার্থীদের জন্য e-লাইব্রেরি স্থাপন করে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করেছেন। তার আকর্ষিক বদলীর আদেশে আমরা হতভম্ব হয়ে পড়েছি।


এ অবস্থায় তাকে আরো কিছু দিন কুড়িগ্রামে রাখা না হলে শিক্ষা ক্ষেত্রে এসব উন্নয়ন ভেস্তে যাবে। আমরা সরকারের কাছে জোড় দাবী জানাচ্ছি তাকে আরো কিছু দিন কুড়িগ্রাম জেলায় পুলিশ সুপারের দায়িত্বে রাখা হোক।

ফুলবাড়ীতে বজ্রপাতে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ফুলবাড়ীতে বজ্রপাতে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

admin June 19, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার সকালে উপজেলার শেষ প্রান্তে কাশিপুর ইউনিয়নের বানিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষকের নাম সিরাজুল ইসলাম(৭০)। তিনি ওই গ্রামের মৃত শরিয়ত উল্লার ছেলে।


ওই এলাকার আশরাফুল আলম জানান বাড়ীর পাশের ভেলাংগির দোলায় মাছ ধরতে যাচ্ছিলেন তিনি। এসময় বৃষ্টির সাথে আকর্স্মিক বজ্রপাতে তিনি লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে আশপাশের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে।


কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দিনাজপুরের হাকিমপুরে দেশে প্রথম লোহার খনির সন্ধান

দিনাজপুরের হাকিমপুরে দেশে প্রথম লোহার খনির সন্ধান

admin June 19, 2019

দিনাজপুর প্রতিনিধি:
দীর্ঘ দুই মাস ধরে কূপ খননের পর দিনাজপুরের হাকিমপুরের ইসবপুরে দেশের প্রথম লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনির সন্ধান মিলেছে। সেখানে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নিচে ৪০০ ফুট পুরুত্বের লোহার একটি স্তর পাওয়া গেছে। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।


খননকাজে নিয়োজিত জিএসবির উপপরিচালক মোহাম্মদ মাসুম জানান, বিশ্বের যে কয়েকটি দেশে লোহার খনির সন্ধান মিলেছে, তার মধ্যে বাংলাদেশের লোহার মান ৬৫ শতাংশের ওপরে। আর কানাডা, চীন, ব্রাজিল, সুইডেন ও অস্ট্রিলিয়ার লোহার মান ৫০ শতাংশের নিচে। জয়পুরহাট বিসিএসআইআর পরীক্ষাগারে পরীক্ষায় এই তথ্য পাওয়া গেছে বলে জানান এই কর্মকর্তা।


জানা যায়, লোহার খনিটির ব্যাপ্তি ৬-১০ স্কয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে সোনার অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রুমিয়ামেরও উপস্থিতি রয়েছে। ১১৫০ ফুট গভীরতায় চুনাপাথরের অস্তিত্বেরও সন্ধান পাওয়া গেছে।


জিএসবির উপপরিচালক মোহাম্মদ মাসুম জানান আরো জানান, এর আগে ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর ২০১৩ সালে এই গ্রামের ৩ কিলোমিটার পূর্বে মুশিদপুর এলাকায় কূপ খনন করে খনিজ পদার্থের সন্ধান পেয়েছিল। সেই গবেষণার সূত্র ধরে দীর্ঘ ৬ বছর পর চলতি বছরের ১৯ এপ্রিল থেকে ইসবপুর গ্রামে কূপ খনন শুরু করা হয়। এরপর ১৩৮০-১৫০০ ফুট গভীরতা পর্যন্ত খননকালে সেখানে আশার আলো দেখতে পাওয়া যায়।


এই খবর পেয়ে ২৬ মে জিএসবির মহাপরিচালক জিল্লুর রহমান চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা এখানে পরিদর্শনে আসেন। এ সময় মহাপরিচালক সাংবাদিকদের সুখবর না দিলেও লোহার খনি আবিষ্কার হতে চলেছে এমন ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে দীর্ঘ চেষ্টার ফলে ১৭৫০ ফুট গভীরতায় খনন করে লোহার খনির আবিষ্কার করা হয়েছে। সেখানে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের এই স্তরটি পাওয়া গেছে। এই অঞ্চলে ৬০ কোটি বছর আগে সমুদ্র ছিল। সেই কারণে এখানে জমাট বাঁধা আদি শিলার ভিতরে লোহার আকরিকের এই সন্ধান পাওয়া যায়।


জানা যায়, উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে ইসবপুর গ্রাম। এই গ্রামের কৃষক ইছাহাক আলীর কাছ থেকে ৫০ শতক জমি ৪ মাসের জন্য ৪৫ হাজার টাকায় ভাড়া নিয়ে খনিজ পদার্থের অনুসন্ধানে কূপ খনন শুরু করে ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর।


জিএসবির উপপরিচালক (ড্রিলিং ইঞ্জিনিয়ার) মো. মাসুদ রানা জানান, গত ১৯ এপ্রিল থেকে ইসবপুর গ্রামে কূপ খনন শুরু হয়। ৩০ সদস্যের বিশেষজ্ঞ একটি দল ৩ শিফটে এই কার্যক্রম পরিচালনা করছেন।

রংপুর জেলা জাতীয় পার্টির ২ নেতার পদোন্নতি

রংপুর জেলা জাতীয় পার্টির ২ নেতার পদোন্নতি

admin June 19, 2019

স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা জাতীয় পার্টির দুই নেতা আবদুর রাজ্জাক ও বারী মুন্সি পদোন্নতি পেয়েছেন।


আবদুর রাজ্জাককে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ বারী মুন্সিকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ পদোন্নতি দিয়েছেন।


এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সুপারিশক্রমে গতকাল সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান তাদের পদোন্নতিপত্রে স্বাক্ষর করেছেন। জুন ২০১৯ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।


প্রসঙ্গত আবদুর রাজ্জাক রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আর বারী মুন্সি জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রংপুরে বেসরকারি টিটিসির শিক্ষক সম্মেলন

রংপুরে বেসরকারি টিটিসির শিক্ষক সম্মেলন

admin June 18, 2019

স্টাফ রিপোর্টার:
মানসম্মত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের এমপিও ভুক্তিকরণসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।


বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব শিলা বার্নাডেট গোমেজ। এসময় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকদের মানবতের জীবনচিত্র তুলে ধরে দেশের মানসম্মত কলেজগুলোর এমপিও ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।


সম্মেলনে সমিতির অর্থসচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক শাহিদা আখতার, দিনাজপুর টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অধ্যক্ষ সাদিয়া আফরোজ, নীলফামারী টিটিসির অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, পার্বতীপুর টিটিসির অধ্যক্ষ কালিপদ রায়, গোবিন্দগঞ্জ টিটিসির অধ্যক্ষ মো. রনজু শেখ প্রমুখ।


রংপুর বিভাগের ৮ জেলা থেকে বিপুল সংখ্যক বেসরকারী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা অংশ নেয়। তারা চাকুরী এমপিও ভুক্তকরণসহ পাঁচ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের প্রতি দাবি জানান।

কুড়িগ্রাম সদর উপজেলায় প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বিশেষ চক্ষু সেবা প্রদান

কুড়িগ্রাম সদর উপজেলায় প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বিশেষ চক্ষু সেবা প্রদান

admin June 18, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বয়স্ক নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ইউকে এইড এর অর্থায়নে ও সাইটসেভার্সের সহযোগীতায় এ চিকিৎসা সেবার আয়োজন করে মরিয়ম চক্ষু হাসপাতাল, উলিপুর।


সোমবার দিনব্যাপী কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে চিকিৎসাসেবার উদ্বোধন করেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান।


এসময় উপস্থিত ছিলেন, মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আরকানুল ইসলাম রিফাত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ হাসিমুল হাসান, ইনক্লুশন অফিসার অরবিন্দু রায় প্রমুখ।


এসময় সাইটসেভার্সের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মোঃ মাসুদ রানা, “দি রাইট টু হেলথ: ব্রেকিং ডাউন বেরিয়াস টু আই হেলথ ইন সাউথ এশিয়া” প্রকল্পের লক্ষ্য, উদ্দিশ্য ও প্রতিবন্ধিকতার সুবিধা তুলে ধরেন।


চক্ষু ক্যাম্পে প্রায় দেড় শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চশমা প্রদানসহ প্রয়োজনীয় ঔষধ ও সহায়ক ইপকরণ প্রদান করা হয়। এরমধ্যে ৪৫ জন রোগীকে বিনা খরচে চোখের ছানী অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আটক ৫

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আটক ৫

admin June 18, 2019

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবেরকুটি গ্রামে সোমবার সকালে জমি নিয়ে সংঘর্ষে লাকী খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার বাবা-মাসহ ৬ জন।


এ ঘটনার পর পরেই পুলিশ ৫ জনকে আটক করেছে। নিহত ছাত্রী লাকী খাতুন ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।


পুলিশ ও এলাকাবাসী জানান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য দুলালী বেগমের স্বামী একরামুল হক একরার সঙ্গে প্রতিবেশী নিহত লাকীর বাবা নজরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।


সোমবার সকালে কিছু ভাড়াটে লোক নিয়ে সেই জমি দখলে নিতে যান একরামুল হক একরা। এ সময় জমি দখলে বাধা দিলে নজরুল ইসলামের ওপর হামলা চালায় একরামুলের লোকজন। বাবা নজরুলকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় স্কুলছাত্রী লাকী তার মা কুলসুম বেগম (৩৮) ও ফুফু সমর্থ বানু (৩৯)।


পরে এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা লাকীকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক ৫ জনকে আটক করে।


সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three