ছাত্রকে হাত-পা-মুখ বেঁধে রড দিয়ে পেটালেন মাদ্রাসাশিক্ষক

ছাত্রকে হাত-পা-মুখ বেঁধে রড দিয়ে পেটালেন মাদ্রাসাশিক্ষক

admin June 22, 2019

চোর সন্দেহে পটুয়াখালী সদর উপজেলায় সুমন চৌকিদার (১৩) নামের এক ছাত্রকে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ এঁটে রড দিয়ে পেটানোর অভিযোগে মাদ্রাসাশিক্ষক আহসানউল্লাহকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


শুক্রবার (২১ জুন) দুপুরে পটুয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


মারধরের শিকার সুমন সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বশাকবাজার এলাকার রহিম চৌকিদারের ছেলে ও হেতালিয়া বাধঘাট আকন বাড়ি হাফেজি মাদ্রাসার ছাত্র। অভিযুক্ত শিক্ষক আহসানউল্লাহ একই উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের আওলিয়াপুর এলাকার বাসিন্দা।


সুমনের মামা ইলিয়াস বলেন, ‘হেতালিয়া বাধঘাট আকন বাড়ি হাফেজি মাদ্রাসার পাশেই একটি দোকান আছে শিক্ষক আহসানউল্লাহর। সম্প্রতি সেই দোকান থেকে দুই হাজার টাকা চুরি হয়। সে টাকা চুরির সন্দেহে বৃহস্পতিবার (২০ জুন) সকালে মাদ্রাসায় ডেকে নিয়ে একটি কক্ষে আটকে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে সুমনকে বেত দিয়ে মারধর করেন আহসানউল্লাহ। একপর্যায়ে বেত ভেঙে গেলে তিনি রড দিয়ে সুমনকে পেটান।’


একই কথা জানান ওই মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা। তারা জানান, মারধরের একপর্যায়ে সুমন অজ্ঞান হয়ে পড়লে তাকে ওই কক্ষে রেখে মাদ্রাসা থেকে বেরিয়ে যান আহসানউল্লাহ। এরপর সুমনের বাড়িতে খবর পাঠালে তার স্বজনেরা মাদ্রাসায় গিয়ে সুমনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতলে ভর্তি করেন।


সুমনের বাবা রহিম চৌকিদার বলেন, ‘আমরা আহসানউল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলের অবস্থা খারাপ। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বরিশালে নিয়ে যাচ্ছি।’


পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক সেলিম মাতুব্বর বলেন, ‘সুমনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠানো হয়েছে।’


ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় সুমনের মা রেহেনা বেগম থানায় মামলা করেছেন। গ্রেফতার আহসানউল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।’

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ৬ পরীক্ষার্থীর কারাদণ্ড

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ৬ পরীক্ষার্থীর কারাদণ্ড

admin June 22, 2019

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ পরীক্ষার্থীকে এক মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


কারাদণ্ড দেয়ার পর শুক্রবার বিকালে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মো: লুৎফর রহমান ৬ পরীক্ষার্থীকে জেলে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।


দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীরা হলেন, কুড়িগ্রাম শহরের নিমবাগান এলাকার বাসিন্দা আতিকা তাসমিন, সদর উপজেলার কাঁঠালবাড়ী শিবরাম এলাকার নওরিন আক্তার, ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের গোলাম মোস্তফা, একই উপজেলার আনিছুর রহমান, মকবুল হোসেন ও শাহিনা খাতুন।


কারাগার সুত্র জানায়, শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এই ৬ পরীক্ষার্থী সাথে মোবাইল ফোন রাখাসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী মেজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের করে কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।


কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মো: লুৎফর রহমান জানান, শুক্রবার বিকালে দণ্ডাদেশ সহ ছয় পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হলে কারা কর্তৃপক্ষ তাদেরকে হাজতে প্রেরণ করে। তাদের প্রত্যেককে এক মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্বাভাবিক আছে হুয়াওয়ে স্মার্টফোনের উৎপাদন!

স্বাভাবিক আছে হুয়াওয়ে স্মার্টফোনের উৎপাদন!

admin June 22, 2019

স্মার্টফোনের উৎপাদন একটুও কমায়নি চীনা জায়ান্ট হুয়াওয়ে। তাইওয়ানের ডিজিটাইমস নামের একটি সংবাদমাধ্যম সম্প্রতি এক খবরে দাবি করেছিল, হুয়াওয়ে তাদের স্মার্টফোন বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনের উৎপাদন কিছুটা কমিয়ে দিয়েছে। খবরটি সঠিক নয় বলে এক বিবৃতি পাঠিয়েছে হুয়াওয়ে।


সেখানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমাদের বৈশ্বিক যে স্মার্টফোন উৎপাদন তা স্বাভাবিক রয়েছে। এটি একটুও কমানো হয়নি এবং কমানোর কোন ধরনের কথাও ভাবেনি হুয়াওয়ে।প্রতিষ্ঠানটি ডিজিটাইমসের ওই খবরের দাবিকে গুজব বলে বর্ণনা করেছে।


গত ১৫ মে যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানের ব্যবসা করার জন্য আলাদা একটি লাইসেন্স প্রয়োজন পড়বে। এরপর গুগল, কোয়ালকমসহ অন্যান্য প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল করে। ফলে বিশ্বব্যাপী কিছুটা চাপে পড়ে হুয়াওয়ে।তবে শুধু ডিজিটাইমস নয়, এর আগেও বেশ কিছু সংবাদমাধ্যম হুয়াওয়ের ফোন উৎপাদন কমানোর কথা বলেছে।


ব্লুমবার্গ এর আগে এক প্রতিবেদনে দাবি করে, হুয়াওয়ে গত মাস থেকে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত স্মার্টফোন বিক্রি কমে গেছে। ফলে প্রতিষ্ঠানটি তাদের ফোন উৎপাদনও কমিয়ে দিয়েছে।


এমনকি গত কয়েকদিন আগে হুয়াওয়ে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেন ঝেংফেই এক লাইভ ভিডিওতেও বলেছেন, হুয়াওয়ের ফোনের বিক্রি কমে গেছে। তবে অল্প সময়ের মধ্যই তা কাটিয়ে উঠবে প্রতিষ্ঠানটি।

২৩৩ রানের সহজ লক্ষে ব্যাট করছে ইংল্যান্ড

২৩৩ রানের সহজ লক্ষে ব্যাট করছে ইংল্যান্ড

admin June 22, 2019

২৩৩ রানের সহজ লক্ষে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান করেছে ইংল্যান্ড। শুক্রবার ইংল্যান্ডের হেডিংলিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। তবে ব্যাট হাতে সহজভাবে ব্যাট করতে পারেনি তারা।


ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুসের লড়াকু ইনিংসে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৩২ রান করতে সক্ষম হয় লঙ্কানরা।


ব্যাট হাতে মাঠে নেমে মাত্র তিন রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাঝে একটু জ্বলে উঠার চেষ্টা করেও ৩৯ বল থেকে ৪৯ রান করে ফিরেন অভিস্কা ফার্নান্দো। এরপর দলীয় ১৩৩ রানে পরপর আউট হয়ে ফিরে যান কুশাল মেন্ডিস ও জীবন মেন্ডিস। কুশাল ৪৬ রান করেন।


এরপর একপ্রান্ত আগলে রাখেন অ্যাঞ্জেলো ম্যাথুস। অপরপ্রান্ত থেকে ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা ও লাসিথ মালিঙ্গা বিদায় নেন। তবে ম্যাথুস ১১৫ বল থেকে ৮৫ রান করে অপরাজিত থাকেন। ৩৩ ওভারের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৬ রান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ধনঞ্জয়া ডি সিলভা (২৯) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।


ইংল্যান্ড ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এখন পর্যন্ত উড়ন্ত পারফরম্যান্স করে চলেছে তারা। অন্য দিকে শ্রীলঙ্কা ৫ ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে। তাদের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট হয়েছে ৪।

ভারতের হিমাচলে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৪

ভারতের হিমাচলে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪৪

admin June 21, 2019
ভারতের হিমাচলপ্রদেশের কুল্লু জেলায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

বৃহস্পতিবার জেলার বানজার তেহশিল এলাকায় ৭০ যাত্রী নিয়ে পাহাড় থেকে একটি বাস খাদে পড়ে যায়।

কুল্লু জেলার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ এইটিন জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

হিমাচলপ্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহশিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।
চার ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

admin June 21, 2019

চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ রেলরুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় গাজীপুরের সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।


জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল পৌনে ১০টা থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।


জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছালে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।


ফলে এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


উত্তরবঙ্গগামী এ রেলরুটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সকাল থেকে গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এ সময় সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

admin June 21, 2019

ঢাকার সদরঘাট লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার দুপুর ১২টার দিকে ওয়াজঘাট এলাকা থেকে মিসকাত হোসেন (১২) ও নুসরাত আকতারের (১০) মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার সদরঘাট টার্মিনাল থানার ওসি রেজাউল করিম ভূইয়া।


এর আগে সকালে ঢাকার সদরঘাট টার্মিনাল মসজিদ ঘাট থেকে বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় এম ভি পূবালী -৭ নামের এক লঞ্চের ধাক্কায় একই পরিবারের চার সদস্যসহ ৫ যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় নৌকা ডুবে যায়।


পরে নৌকার মাঝিরা এক বছরের শিশুকন্যা নুসাইবাসহ মা জোছনা বেগম ও মামাকে উদ্ধার করলেও ভাই-বোন মিসকাত হোসেন ও নুসরাত আকতার নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

admin June 21, 2019

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। শুক্রবার ইংল্যান্ডের হেডিংলিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।


ইংল্যান্ড ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এখন পর্যন্ত উড়ন্ত পারফরম্যান্স করে চলেছে তারা। অন্য দিকে শ্রীলঙ্কা ৫ ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে। তাদের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট হয়েছে ৪।

সিল্কসিটি এক্সপ্রেসের টয়লেটে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

সিল্কসিটি এক্সপ্রেসের টয়লেটে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

admin June 21, 2019

ঢাকা থেকে রাজশাহীগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের টয়লেটে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় অভিযুক্ত যুবক মমিনুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।


পুলিশ জানায়, চলন্ত ট্রেনে শ্লীলতাহানির শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি সিরাজগঞ্জে। সে অষ্টম শ্রেণির ছাত্রী। তার নানার বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট এলাকায়। নানি ও খালার সঙ্গে সে রাজশাহী আসছিল। সিরাজগঞ্জের মনসুর আলী স্টেশনে তারা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে উঠেছিলেন।


ওই ট্রেনে দায়িত্ব পালন করছিলেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জ্বল চন্দ্র বিশ্বাস। তিনিই ওই কিশোরীকে ট্রেনের টয়লেট থেকে উদ্ধার করেন। তিনি জানান, পাবনার ঈশ্বরদী বাইপাস পার হওয়ার পর ওই কিশোরী ট্রেনের টয়লেটে ঢোকে। তখন টয়লেটের সামনেই দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত যুবক। ওই কিশোরী টয়লেট থেকে বের হওয়ার জন্য দরজা খুললেই তিনি ভেতরে ঢুকে পড়েন। এরপর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন আসা পর্যন্ত প্রায় ৪০ মিনিট তিনি ওই কিশোরীকে টয়লেটে আটকে রেখে শ্লীলতাহানি করেন।


এএসআই উজ্জ্বল বলেন, ট্রেনের শব্দের কারণে ওই কিশোরীর চিৎকার শোনা যায়নি। তবে যাত্রীরা লক্ষ্য করেন অনেকক্ষণ ধরেই টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ। তারা দরজায় ধাক্কা দিয়ে খুলতে বলেন। কিন্তু দরজা খোলা হচ্ছিল না। একপর্যায়ে তারা ওই কিশোরীর চিৎকার শুনতে পান। এরপরই দায়িত্বরত পুলিশকে ডাকা হয়। তিনি গিয়ে টয়লেটের দরজা খুলতে বাধ্য করেন। এ সময় কাঁদতে কাঁদতে ওই কিশোরী বেরিয়ে আসে।


রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে। এ সময় অভিযুক্ত যুবক, ওই কিশোরী এবং তার খালা ও নানিকে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।


রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, নির্মাণ শ্রমিক মমিনুল ঢাকা থেকে বাড়ি আসছিলেন। ওই কিশোরীর ভাষ্য অনুযায়ী, ট্রেনের টয়লেটের ভেতর মমিনুল দীর্ঘ সময় ধরে ওই কিশোরীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। তবে ধর্ষণের ঘটনা ঘটেনি। কিন্তু শ্লীলতাহানি ঘটেছে।


ওসি বলেন, ঘটনাস্থল রেলওয়ের ঈশ্বরদী থানার অধীনে। তাই রাত ১২টার ঢাকাগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে অভিযুক্ত যুবককে ঈশ্বরদী থানায় পাঠানো হয়েছে। ওই কিশোরীকে নিয়ে তার নানি এবং খালাও গেছেন। ঈশ্বরদী থানায় তারা মমিনুলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছেন।

হিমাচলে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

হিমাচলে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

admin June 21, 2019

ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে ছিটকে পড়ে যাওয়ায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার প্রদেশের পাহাড়ি কুল্লু জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস।


খবরে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিমাচল প্রদেশের সরকারি কর্মকর্তারা বলছেন, কুল্লু জেলায় যাত্রীবাহী বেসরকারি একটি বাস পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় গভীর খাদে ছিটকে পড়েছে। এতে ২৫ জন নিহত ও আরও ৩৫ জন মারাত্মক আহত হয়েছেন।


কুল্লু জেলা পুলিশ সুপার শালিনি অগ্নিহোত্রী বলেন, জেলার বানজার তেহসিল এলাকার ধোথ মোরের কাছে পাহাড়ি সড়ক থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় ওই বাসটি। যাত্রীদের নিয়ে প্রদেশের গাদা গুশাইনির দিকে যাচ্ছিল বাসটি।


তবে সংবাদ সংস্থা এএনআই জানায়, ১৫ মৃতদেহ ঘটনাস্থলের একটু দূর থেকে উদ্ধার করা হয়েছে।

‘চান্স পেতে চাইলে এক রাত শুতে হবে’

‘চান্স পেতে চাইলে এক রাত শুতে হবে’

admin June 21, 2019

বর্তমানে সময়ের মারাঠি ভাষার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি মারাঠ। ভারতীয় চলচ্চিত্রের জগতে বইয়ে চলা। মিটু আন্দোলন নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। সম্প্রতি হিউম্যানস অফ বোম্বের জন্য লেখা তার একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে।


যেটি ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।এদিকে সেই পোস্টে শ্রুতি জানিয়েছেন, একটি ছবিতে মুখ্য ভূমিকার চরিত্রটি পাওয়ার জন্য কীভাবে তাকে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।


তপ্তপদী ও রামা মাধব-এর মতো বহু জনপ্রিয় মারাঠি ছবিতে কাজ করা এই অভিনেত্রী বলেছেন, ‘এক প্রযোজক তার ইন্টারভিউ নেয়ার সময় কম্প্রোমাইজ, ওয়ান নাইট-এর মতো বিভিন্ন শব্দ ব্যবহার করেছিলেন।’


এ ব্যাপারে শ্রুতি বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম এখান থেকে পালানোর পথ নেই। তখন আমি ওই প্রযোজককে উল্টো বলেছিলাম, আপনি আমাকে আপনার সঙ্গে শুতে বললেন, কোনো অভিনেতাকে শোয়ার কথা বলেছেন?


লোকটা সে সময় কথা হারিয়ে ফেলেছিল। পরে আমাকে জানানো হয়েছিল, ওই ছবিটি থেকে আমি বাদ পড়েছি।’এদিকে শ্রুতির এমন ইনস্টাগ্রাম পোস্টে সকল নেটিজেনই প্রশংসাসূচক মন্তব্য লিখেছেন।


অনেকে লিখেছেন, ‘আপনি আরও সাহসী হোন।’ আবার অনেকের কথায়, ‘আপনার জন্য আমরা গর্বিত।’


বর্তমানে মারাঠি ছবির তারকা শ্রুতি বলিউডেও কাজ করেছেন। বুধিয়া সিং ও বর্ন টু রান ছবি দুটিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

সানির চোখে সেরা ড্যানিয়ল

সানির চোখে সেরা ড্যানিয়ল

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী ও পর্ণ তারকা সানি লিওন। স্বামী-সংসার নিয়ে বেশ আনন্দেই সময় কাটে তার। আর এই তারকার চোখে সেরা বাবা, সেরা স্বামী ড্যানিয়েল।


সম্প্রতি স্বামী ড্যানিয়েল তিন সন্তান নিশা, নোয়া আর আসেরের সঙ্গে তার তোলা পারিবারিক ছবি যুক্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে স্বামী ড্যানিয়েলকে উদ্দেশ্য করে সানি লিখেন, ‘আমাদের জীবন এত সুন্দর কারণ তুমি আছ বলে। আমরা এত নিরাপদে প্রতিটা দিন কাটাতে পারছি কারণ, তুমি আমাদের সবসময় আগলাচ্ছ। রোজ তুমি নতুন করে যেন ভালোবাস আমাদের। রোজ আমরা তোমার ভালোবাসায় ডুবে নতুন করে বাঁচার উৎসাহ পাই। তুমি সেরা বাবা, সেরা স্বামী। তুমি আছ বলেই আমাদের জীবন এত রঙিন!’


ভক্তদের মতো সানির এই পোস্ট ড্যানিয়েলেরও মন কেড়েছে। আনন্দে তিনি কমেন্ট বক্স ভরে দিয়েছেন গোলাপ ফুল ও ভালোবাসার ইমোজি দিয়ে। একই সঙ্গে ড্যানিয়েল জানিয়েছেন, ফাদার্স ডে-তে তাকে নাকি এক ঘণ্টা পর পর ফুলের তোড়া পাঠিয়েছেন সানি।


আনন্দে আত্নহারা ড্যানিয়েল মন্তব্য করেন, তোমার জন্যই দিনটা এত স্পেশাল হয়ে উঠল। তোমার ভালোবাসা, পাঠানো ফুলের তোড়া বোঝাল পরিবার আমাকে কত ভালোবাসে। ভীষণ ভালো লাগছে।


প্রসঙ্গত, এ বছর সানি আর ড্যানিয়েলের অষ্টম বিবাহর্ষিকী। ২০১৭ সালে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। আর ২০১৮ সালের মার্চে ঘোষণা দেন গর্ভভাড়া করে নোয়া আর নাসের নামের আরও দুই সন্তান পরিবারে এনেছেন।

এবার পোশাক নিয়ে বিতর্কে মালাইকা আরোরা

এবার পোশাক নিয়ে বিতর্কে মালাইকা আরোরা

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে জমেছেন তিনি। প্রায়ই দেখগা যায় তাদের যুগল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে তো তিনি হামেশাই ডেটে যান।


নানা সময়ে নানা কারণে ট্রোলের শিকার হয়েছেন মালাইকা। সম্প্রতি এক ভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ছেলের সঙ্গে এতই খোলামেলা পোশাকে ডিনারে গিয়েছেন যে নিন্দুকেরা সকলেই তা দেখে ছি ছি করছেন।


মালাইকা একটি সাদা রঙের ডিপ নেকলাইন ড্রেস পরেছিলেন। যাতে তার স্তনযুগল প্রায় অনাবৃত ছিলো। ছেলে আরহানের সঙ্গে যে মা এরকম পোশাকেও বেড়াতে পারেন মালাইকার রুচি নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে।

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন মডেল, অভিনেত্রী এবং লেখিকা বিদ্যা সিনহা সাহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান জয় করে একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ছবিতেও। পেয়েছেন প্রশংসাও।


নতুন খবর হলো সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে এবার রেকর্ড গড়লেন মিম। ঢাকাই ছবির এই সময়ের নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ডটা এতোদিন ছিল মাহিয়া মাহীর দখলে। বেশ কিছু ছবিতে তিনি অভিনয়ের জন্য ১০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এবার মাহির রেকর্ডকে মিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন মিম।


সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ছবিটির নাম এখনো হয়নি। তবে পারিশ্রমিক নিয়েছেন ১২ লাখ টাকা। যদিও মিমের মুক্তির অপেক্ষায় থাকা ‘সাপলুডু’তে ১০ লাখ নিয়ে ছিলেন মিম।


এ বিষয়ে মিম জানান, তিনি তো অন্য অনেকের মতো বছরে অনেকগুলো ছবিতে অভিনয় করেন না। তবে যেটা করেন সেটা মানের বিচারে এগিয়ে থাকে। যার কারণে তার হাতে কাজও কম থাকে। যেহেতু মানের দিকটা নিয়ে তিনি কমপ্রোমাইজ করেন না, তাই পারিশ্রমিকের দিকটাতে নজর দিয়েছেন তিনি।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন ছবি ‘সাপলুডু’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে দেখা মিলতে পারে এই ছবিটির।

বলিউডের ছবিতে আগ্রহ নেই সামান্থার!

বলিউডের ছবিতে আগ্রহ নেই সামান্থার!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সামান্থা আক্কিনেনি। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তামিল ও তেলেগু ভাষার একাধিক সিনেমাতে অভিনয় করে নিজের জাত চিনেয়েছেন এই নায়িকা। তবে অনেকেই শুনে অবাক হবেন যে বলিউডের সিনেমার নাকি কাজ করার কোন আগ্রহ নেই এই অভিনেত্রীর।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড সিনেমায় তার অভিনয়ের আগ্রহ রয়েছে কি না তা জানতে চাওয়া হলে সামান্থা আক্কিনেনি বলেন, ‘কখনোই না। আমি চেন্নাইয়ে বড় হয়েছি। এটা দক্ষিণেরও দক্ষিণ দিকে। আমি শুধু আমার নিজের অঞ্চলের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে ভালো বুঝি এবং তারাও আমার সিনেমা দেখেন। কোনটি সঠিক, দর্শকরা সিনেমাতে কী চান, সিনেমায় কী দেখতে চান, আমি যে চরিত্রটিতে অভিনয় করছি তারা সেটি থেকে কী প্রত্যাশা করেন এগুলো এখনো শিখছি। এগুলো বিশ্লেষণ করছি।’


সামান্থা মনে করেন, তিনি এখনো দক্ষিণী সিনেমার দর্শকদের চাহিদা বোঝার চেষ্টা করে যাচ্ছেন। আর বলিউডে তিনি সম্পূর্ণ ভিনগ্রহীর মতো। তিনি বলেন, ‘আমার বলিউড সম্পর্কে কোনো ধারণা নেই। আমি সেখানে গেলে সম্পূর্ণ ভিনগ্রহীর মতো হয়ে যাব। আমি এখনো মনে করি, দক্ষিণী সিনেমায় আমার অনেক কিছু দেয়ার বাকি রয়েছে।’


চলতি বছর সামান্থা অভিনীত তামিল ভাষার সুপার ডিলাক্স ও তেলেগু ভাষার মজিলি সিনেমা দুটি বেশ ভালো সাড়া ফেলেছে। তার পরবর্তী সিনেমা ওহ বেবি।

তুরস্কে নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে সম্পন্ন

তুরস্কে নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে সম্পন্ন

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রেমিক নিখিল জৈনের সঙ্গে রাজকীয় বিয়ে সারলেন টলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত এমপি নুসরাত জাহান।


এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বুধবার তুরস্কের বন্দর শহর বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপলাংকায়া’ হোটেলে অনুষ্ঠিত এই বিলাসবহুল বিয়ের প্রথম ছবি।


বিয়েতে নুসরাত পরেছেন লাল লেহেঙ্গা ও নিখিল পরেছেন ক্রিম কালারের শেরওয়ানি। গলায় গোলাপের মালা।


২৯ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে ধারণ করা বিয়ের এই ছবি পোস্ট করে লিখেছেন, নিখিল জৈনের সঙ্গে সুখের খোঁজে। এর আগে, গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত।


বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন রয়েছেন। গত ১৭ই জুন তাদের বিয়ের পার্টি হয়েছে।


১৮ই জুন হয়েছে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। আর গত ১৯শে জুন হলো জাকজঁমক বিয়ের অনুষ্ঠান।

কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বরে শুরু বাংলা মেলা, চলছে প্রস্তুতি

কানাডার মন্ট্রিয়লে পহেলা সেপ্টেম্বরে শুরু বাংলা মেলা, চলছে প্রস্তুতি

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কানাডার মন্ট্রিয়লে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ‘বাংলা মেলা’।


আগামী ১ সেপ্টেম্বরের মন্ট্রিয়লের হাওয়ার্ড পার্কের এই আয়োজনকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে। মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্য ও খাবারের সমারোহ ছাড়াও বাচ্চাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড।


মেলার আয়োজকরা বলছেন, বরাবরের মতো এবারও তারা মেলায় উপচে পড়া দর্শক উপস্থিতি প্রত্যাশা করছেন। সেই অনুযায়ী দর্শনার্থীদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা।


আয়োজকরা জানান, এ বছর ‘বাংলা মেলা’য় থাকবে শতাধিক স্টল। এসব স্টলে থাকবে বাংলাদেশি বুটিক, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের শোপিস। এছাড়া বাংলাদেশি ও কানাডিয়ান খাবারের সমারোহও থাকছে এই মেলায়।


এ বছর ‘বাংলা মেলা’য় থাকবেন স্বনামধন্য সাধক শিল্পী বাউল শফি মন্ডল ও কিংবদন্তী সংগীতশিল্পী আব্দুল আলীমের নূরজাহান আলীম। এরই মধ্যে শিল্পীদের ভিসা নিশ্চিত হয়েছে এবং তাদের বাংলা মেলার পক্ষ থেকে ‘Great Artist Award 2019’ দেওয়া হবে।


জানা গেছে, এবারই প্রথম কিউ আর কোডের মাধ্যমে মেলার সব তথ্য জানার ব্যবস্থা রাখা হয়েছে। কানাডার আইটি সংস্থা ‘রিগালো সিস্টেমস’ মেলার জন্য এই কিউ আর কোড ব্যবস্থা তৈরি করেছে।


আয়োজকরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা তরুণ বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলা আয়োজন করা হয়ে থাকে।

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সম্প্রীতির বন্ধন এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্ক দৃঢ করার লক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে স্থানীয় রেতিরো পার্ক মাঠে আয়োজিত খেলায় বেঙ্গল এফসি লুটন ইউকে ও এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ অংশগ্রহণ করে। দু’দল দুর্দান্ত খেললেও হেরে যায় বেঙ্গল এফসি লুটন ইউকে। আর ৪-২ গোলে জয় পায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদ ।


খেলার ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা দারুণ খেলেছেন এবং সমর্থকেরাও দারুণ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় এ প্রীতিম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার কমিউনিটি নেতা খোরশেদ আলম মজুমদার।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলামীন মিয়া, সহসভাপতি মোর্শেদ আলম তাহের, সাবেক সহসভাপতি জাকির হোসেন, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির, প্রাক্তন সভাপতি আব্দুল কাইয়ুম পংকী, সাবেক সভাপতি মো. লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকী, ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সভাপতি হেমায়েত খান, একরামুজ্জামান কিরণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার, ধর্ম সম্পাদক আবু বক্কর,হানিফ মিয়াজী ও শাওন আহমদ।


অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচে জয়-পরাজয় বড় বিষয় নয়। ম্যাচটি ইংল্যান্ড প্রবাসী ও স্পেন প্রবাসীদের মধ্যে ভাতৃত্ব ও সৌহার্দের মেলবন্ধনকে আরো শক্ত করবে। একই সঙ্গে এ ম্যাচটি তাদের মধ্যে এক অন্যরকম আনন্দের শিহরণ জাগানিয়া হয়ে থাকবে। তাই ভবিষ্যতেও এ ধরণের বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


এদিকে খেলায় মাদ্রিদের পক্ষে প্রথমার্ধে তিনটি গোল করেন জে আর জাবেদ। কিন্তু দুর্দান্ত খেলে প্রাণপণ চেষ্টা করেও প্রথমার্ধে তার শোধ করতে পারেনি বেঙ্গল এফসি লুটন ইউকে দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে একটি দুর্দান্ত গোল করে খেলায় ফিরে বেঙ্গল এফসি লুটন ইউকে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে একটি পেনাল্টি থেকে আরেকটি গোল করে খেলায় দারুণভাবে ফিরে আসে বেঙ্গল এফসি লুটন ইউকে দল।


কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি। উল্টো জে আর জাবেদের দেয়া আরেকটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়। খেলায় এল.ভি.পি.এস সিটি মাদ্রিদের তরুন খেলোয়াড় জে আর জাবেদ ৪ টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three